ডেস্ক রিপোর্ট।।
জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে শেয়ার করেছেন তার অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা ও শুটিংয়ের স্মরণীয় মুহূর্ত। বিশেষ করে ‘চা গরম’ নাটকের শুটিং করতে গিয়ে চা বাগানে কাটানো সময়ের কিছু ভয়মিশ্রিত অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, শুটিং লোকেশনটি ছিল একেবারেই নির্জন পরিবেশে। একটি টিলার ওপর অবস্থিত বাংলো ঘিরে ছিল বিস্তীর্ণ চা বাগান। গভীর রাতে চারপাশের নীরবতা ভেঙে শেয়ালের ডাক পুরো পরিবেশকে ভৌতিক করে তুলত।
সাফা বলেন, “রাতের বেলায় শেয়ালগুলো বাংলোর খুব কাছে চলে আসত। তাদের চিৎকার শুনলে গা ছমছম করত। বাস্তব পরিবেশটাই নাটকের গল্পের সঙ্গে মিলে গিয়েছিল।”
তিনি আরও জানান, চা বাগানের স্থানীয় মানুষদের আন্তরিকতা তাকে মুগ্ধ করেছে। শুটিংয়ের ফাঁকে তাদের সঙ্গে সময় কাটানো, বাড়িতে বসে খাওয়াদাওয়া—সবকিছুই ছিল দারুণ অভিজ্ঞতা।
চা বাগান ঘিরে প্রচলিত রহস্য ও ভৌতিক গল্প প্রসঙ্গে অভিনেত্রী বলেন, নাটকে যেসব বিষয় দেখানো হয়েছে, তার অনেকটাই বাস্তবতার সঙ্গে মিল রয়েছে। দর্শকরা নাটকটি দেখলে সেই অনুভূতি সহজেই উপলব্ধি করতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি।
তবে ভূতের গল্পের চেয়েও ব্যক্তিগতভাবে তিনি সবচেয়ে বেশি ভয় পান সাপকে। অনুষ্ঠানে নিজের ‘সাপ ভীতি’র কথাও খোলাখুলিভাবে জানান এই অভিনেত্রী।

