চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নে খাল পুনর্খনন প্রকল্প এলাকা ঘিরে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে শনিবার (১৬ মে) সকাল থেকেই বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা।
সড়কের দুই পাশে অবস্থান নিয়ে নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সমাবেশস্থলের সামনে অবস্থান নিতে সকাল থেকেই ব্যস্ত সময় পার করেন অনেকেই।
আয়োজক সূত্রে জানা গেছে, মঞ্চ প্রস্তুতসহ সার্বিক আয়োজনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন।
নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর চাঁদপুরে কেন্দ্রীয় নেতার আগমন ঘিরে তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন, তারেক রহমানের বক্তব্যে চাঁদপুরের উন্নয়ন, সংগঠন শক্তিশালীকরণ এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা থাকবে।

