যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ অভিযানে ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভান্ট (আইএসআইএল)-এর অন্যতম শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, মার্কিন ও নাইজেরীয় বাহিনীর সমন্বয়ে পরিচালিত একটি বিশেষ অভিযানে আল-মিনুকিকে হত্যা করা হয়েছে। তিনি তাকে বিশ্বব্যাপী আইএসআইএলের দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, “সাহসী মার্কিন সেনা ও নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী অত্যন্ত পরিকল্পিত ও জটিল এক অভিযানের মাধ্যমে বিশ্বের অন্যতম সক্রিয় সন্ত্রাসীকে নির্মূল করেছে।”
তিনি আরও দাবি করেন, আফ্রিকায় আত্মগোপনে থাকলেও আল-মিনুকির অবস্থান ও কর্মকাণ্ড সম্পর্কে গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রের কাছে ছিল।
তবে অভিযানের স্থান, সময় বা কৌশলগত বিস্তারিত তথ্য প্রকাশ করেননি ট্রাম্প। এ অভিযানে সহযোগিতার জন্য নাইজেরীয় সরকারকে ধন্যবাদ জানান তিনি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ২০২৩ সালে আবু-বিলাল আল-মিনুকিকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত করে। সে সময় তাকে সাহেল অঞ্চলে সক্রিয় আইএসআইএলের শীর্ষ নেতা এবং সংগঠনটির আন্তর্জাতিক কার্যক্রম পরিচালনাকারী প্রশাসনিক ইউনিটের সদস্য হিসেবে উল্লেখ করা হয়।
বিশ্লেষকদের মতে, আল-মিনুকির মৃত্যু আইএসআইএলের আন্তর্জাতিক নেটওয়ার্ক ও অর্থায়ন কাঠামোর ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

