বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

শাহরাস্তির সমাবেশস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট।।

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় আয়োজিত সমাবেশস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টায় তিনি ‘খোদ খাল’ পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এর আগে সকাল ৮টার পর ঢাকার বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা হন তিনি।

পথিমধ্যে দুপুর ১টা ২০ মিনিটে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান।

চাঁদপুর সফরে শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনর্খনন কাজের উদ্বোধনেরও কথা রয়েছে তার। এছাড়া চাঁদপুর সার্কিট হাউসে যাত্রাবিরতির পর চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

পরবর্তীতে চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তারেক রহমানের। সরকারি সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরে তারেক রহমানের আগমন ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাকে এক নজর দেখতে এবং বক্তব্য শুনতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হন।

সমাবেশ মঞ্চে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন