স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যায়— এমন কোনো চুক্তি কাউকে করতে দেওয়া হবে না।
শনিবার (১৬ মে) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘ফারাক্কা লং মার্চ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের স্বার্থ সর্বাগ্রে। দেশের মানুষের স্বার্থ বিনষ্ট করে কোনো চুক্তি আমরা মেনে নেব না।”
তিনি বলেন, ফারাক্কা দিবস শুধু একটি দিবস নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে দেশের মানুষ যেভাবে ফারাক্কা বাঁধের বিরোধিতা করেছিল, তা ছিল জনগণের অধিকার রক্ষার আন্দোলন।
বিএনপির মহাসচিব বলেন, গঙ্গা-পদ্মা নদী দেশের বিপুল জনগোষ্ঠীর জীবন-জীবিকা, কৃষি ও জীববৈচিত্র্যের সঙ্গে জড়িত। তাই পানি প্রবাহ নিশ্চিত না হলে দেশের পরিবেশ ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।
তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন সরকার ভারতের সঙ্গে পানি বণ্টন চুক্তি করলেও দীর্ঘমেয়াদি ও কার্যকর সমাধান নিশ্চিত করা যায়নি। ২০২৬ সালে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে উল্লেখ করে তিনি বলেন, নতুন চুক্তি জনগণের স্বার্থ ও মতামতের ভিত্তিতে হতে হবে।
ভারতের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী গঙ্গা চুক্তি সম্পন্ন করতে হবে। অন্যথায় দুই দেশের সুসম্পর্ক বাধাগ্রস্ত হতে পারে।”
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। এ বিষয়ে গণতন্ত্রে বিশ্বাসী সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জনগণের ভোট ও আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত গণতন্ত্রবিরোধী কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।

