সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

ডেস্ক রিপোর্ট।।

দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি জানান, কর্মসূচির মধ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল, পোস্টার প্রকাশ এবং দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণের আয়োজন থাকবে। ঈদুল আজহার কারণে কোনো কোনো কর্মসূচি নির্ধারিত সময়ের এক-দুই দিন পরেও আয়োজন করা হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

রিজভী বলেন, ৩১ মে দুপুর ২টায় রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন নিজ নিজ উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে।

তিনি আরও জানান, ৩০ মে ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। একইদিন বেলা ১১টায় দলের মহাসচিব, সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতারা জিয়াউর রহমানের মাজার-এ শ্রদ্ধা নিবেদন ও মাজার জিয়ারত করবেন। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।

কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানায় দুস্থদের মাঝে কাপড়, চাল, ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। একইসঙ্গে সারাদেশের জেলা ও মহানগর পর্যায়েও অনুরূপ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছে দলটি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন