ডেস্ক রিপোর্ট।।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর নাম পরিবর্তন অথবা নতুন এলিট ফোর্স গঠনের বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (১৮ মে) রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে বাহিনীটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাবের জন্য নতুন আইন প্রণয়নের কাজ চলছে, যেখানে বাহিনীর জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা হবে। তিনি জানান, সরকার বিবেচনা করছে র্যাবকে নতুন নামে পুনর্গঠন করা হবে নাকি নতুন কোনো এলিট ফোর্স গঠন করা হবে।
তিনি বলেন, “আমরা যদি এলিট ফোর্স হিসেবে নতুনভাবে কোনো বাহিনী গঠন করি বা নাম পরিবর্তন করি, তাহলে যুক্তরাষ্ট্র হয়তো নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে।”
২০২১ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র্যাবের কয়েকজন সাবেক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েকজন কর্মকর্তার কর্মকাণ্ডের দায় পুরো প্রতিষ্ঠানের ওপর বর্তায় না।
তিনি আরও বলেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করা হয়েছিল এবং সে সময় র্যাবও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বর্তমান সরকার আইনের শাসন ও মানবাধিকার রক্ষার মাধ্যমে একটি জবাবদিহিমূলক নিরাপত্তা বাহিনী গড়ে তুলতে চায়।
সালাহউদ্দিন আহমদ জানান, নতুন আইনে বাহিনীর ক্ষমতা, দায়িত্ব ও জবাবদিহিতার বিষয়গুলো স্পষ্টভাবে নির্ধারণ করা হবে। এ লক্ষ্যে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি কাজ করছে বলেও জানান তিনি।
র্যাব বিলুপ্ত করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে একটি এলিট ফোর্সের প্রয়োজন রয়েছে। ভবিষ্যতে যে কাঠামোই আসুক না কেন, বর্তমান বাহিনীর সরঞ্জাম, প্রশিক্ষণ ও সক্ষমতাগুলো সেখানে ব্যবহার করা হবে।

