মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনা কমাতে ইরানের পক্ষ থেকে দেওয়া একটি সংশোধিত শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান। কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই ইসলামাবাদের এ উদ্যোগ নতুন করে আন্তর্জাতিক আলোচনায় এসেছে।
সোমবার রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, পাকিস্তানের একটি কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, দুই পক্ষের মধ্যে সমঝোতায় পৌঁছাতে সময় খুব সীমিত এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে।
সূত্রটির ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষই বারবার নিজেদের অবস্থান ও শর্ত পরিবর্তন করছে, যা আলোচনাকে জটিল করে তুলছে।
এদিকে তেহরানে সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেন, প্রতিবেশী দেশগুলোর প্রতি তেহরানের কোনো শত্রুভাবাপন্ন মনোভাব নেই। তিনি জানান, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পর্দার আড়ালে আলোচনা এখনও অব্যাহত রয়েছে।
বাকায়ি আরও বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য মূল হুমকি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। একই সঙ্গে তিনি আঞ্চলিক দেশগুলোকে সাম্প্রতিক পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।
তিনি দাবি করেন, ইরান সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চেয়েছে এবং ভবিষ্যতেও সেই নীতি অনুসরণ করবে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়ে নতুন কৌশলগত পরিকল্পনার কথাও জানান ইরানি মুখপাত্র। এ বিষয়ে ওমান-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চলছে বলেও উল্লেখ করেন তিনি।

