যুক্তরাষ্ট্র ইরানের তেল খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার একটি নতুন প্রস্তাবে সম্মতি দিয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ।
সোমবার ইরানের আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আগের প্রস্তাবগুলোর তুলনায় এবার প্রথমবারের মতো তেল নিষেধাজ্ঞা স্থগিত রাখার বিষয়টি যুক্ত করা হয়েছে।
তবে এই শিথিলকরণ স্থায়ী নয়। আলোচনার সময় পর্যন্ত সাময়িকভাবে নিষেধাজ্ঞা কার্যকর না রাখার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, যেকোনো চূড়ান্ত সমঝোতার অংশ হিসেবে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের নিশ্চয়তা দিতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান হচ্ছে, পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া হবে না।
এ বিষয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেন, ইরানের দাবিগুলো স্পষ্ট এবং বৈধ।
তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ইরানের জব্দকৃত সম্পদের ওপর নিষেধাজ্ঞা শিথিল করাকে নিজেদের শর্ত হিসেবে দেখালেও আমরা এটিকে আমাদের ন্যায্য অধিকার বলে মনে করি।”
ইসমাইল বাঘায়ি আরও দাবি করেন, আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা কমে গেছে। একই সঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের উপস্থিতি শান্তি প্রতিষ্ঠার বদলে অস্থিতিশীলতা বাড়িয়েছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক ঘিরে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে বিভিন্ন পর্যায়ে শর্ত ও প্রস্তাব আদান-প্রদান চলছে বলে জানা গেছে।

