পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বুধবার (২০ মে) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ঐতিহাসিক জয় দেশের জন্য গৌরবের। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট সবাইকে তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিবৃতিতে তিনি বলেন, মিরপুরের পর সিলেটেও টাইগারদের দুর্দান্ত পারফরম্যান্স পুরো জাতিকে গর্বিত করেছে। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট জয়ের কৃতিত্ব বাংলাদেশ ক্রিকেটের নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
তিনি আরও বলেন, পঞ্চম দিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশি ক্রিকেটাররা সাহস, আত্মবিশ্বাস ও দলগত ঐক্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়ে এই ঐতিহাসিক সিরিজ জয় আমাদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অর্জন।
ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন, ক্রিকেটের এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে ইতিবাচকভাবে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি করবে।

