কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর কর্মকর্তা তানজিম সারোয়ার হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড, চারজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্র জানায়, রাষ্ট্রপক্ষের ৫২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মামলার বিচারকাজ সম্পন্ন হয়। পরে উভয় পক্ষের শুনানি ও যুক্তিতর্ক শেষে আদালত এই রায় দেন।
২০২৪ সালে ডুলাহাজারা এলাকায় ডাকাতবিরোধী অভিযানে অংশ নেন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার। অভিযানের সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর দায়ের হওয়া দুটি মামলায় মোট ১৮ জনকে আসামি করা হয়।

