বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সেনাসদস্যরা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, “২০২৪ সালে দেশের প্রয়োজনে সেনাসদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছে। দেশের ক্রান্তিলগ্নে তাদের ভূমিকা জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।”
তিনি আরও বলেন, গত ১৮ মাস দায়িত্ব পালনের মধ্যেও সেনাসদস্যরা ফায়ারিং প্রতিযোগিতায় যে দক্ষতা ও পেশাদারিত্ব দেখিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান। এবারের প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
গত ১৬ মে শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, স্বতন্ত্র ব্রিগেড ও প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।
অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

