রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়া দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার গঠনের পর সংঘটিত ধর্ষণ ও হত্যাকাণ্ডসহ এ ধরনের অপরাধের প্রতিটি ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং স্বল্প সময়ের মধ্যেই আসামিদের গ্রেপ্তার করেছে।
তিনি বলেন, “শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করা হবে এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যেই বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”
বিচারহীনতার অভিযোগ সবসময় সঠিক নয় বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অনেক সময় বিচার প্রক্রিয়ায় বিলম্ব হয়, তবে তা আদালতের বিষয়। আলোচিত সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডসহ বিভিন্ন মামলাতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। তবে সরকারের বয়স মাত্র তিন মাস হওয়ায় কিছু সিদ্ধান্ত নিতে সময় লাগছে।
আইন সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “খুব সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে অবিচার হচ্ছে কি না, সেটাও দেখতে হবে।” জনগণের ক্ষোভ প্রশমনে তাৎক্ষণিকভাবে নতুন আইন প্রণয়ন সবসময় ভালো ফল দেয় না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে সকালে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, “মাগুরার আছিয়া, ঢাকার রামিসা—এসব ঘটনা আমাদের মানবতাকেই প্রশ্নবিদ্ধ করে। এমন অপরাধ কোনোভাবেই অচ্যালেঞ্জড থাকতে পারে না।”
তিনি জানান, পুলিশ কমিশনারকে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা গেলে রামিসার বাবার প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার (৮) মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে উদ্ধার করা হয় তার খণ্ডিত মাথা।
ঘটনায় পল্লবী থানা-এ একটি হত্যা মামলা দায়ের করা হয়। প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে আদালতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয় সে।

