বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

ডেস্ক রিপোর্ট।।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিয়ন্ত্রণ এবং নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) থেকে মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছেন বিজিবি সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে জনসাধারণের নিরাপত্তা ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছে নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন এবং গাজীপুর চৌরাস্তা এলাকা।

সরকারের নির্দেশনা অনুযায়ী, ঈদের আগে সাত দিন এবং ঈদের পরবর্তী তিন দিন বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

এ সময় গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক এবং যানজটপ্রবণ এলাকায় মোবাইল কোর্ট কার্যক্রমেও সহায়তা করবে বিজিবি। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে যান চলাচল স্বাভাবিক রাখা ও শৃঙ্খলা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, অতিরিক্ত নিরাপত্তা ও তদারকির ফলে এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক ও নিরাপদ হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন