রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

দেশে যত অপকর্ম হচ্ছে, সব জামায়াতে ইসলামী করছে: দুদু

ডেস্ক রিপোর্ট।।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে বিভিন্ন অপকর্মের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী জড়িত থাকলেও সেগুলোর দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাব-এ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, “জামায়াত ইসলামকে নিয়ে ব্যবসা করে। দেশে যত অপকর্ম হচ্ছে, সব জামায়াতে ইসলামী করছে। কিন্তু সেগুলো বিএনপি সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, একটি মহল আছে যারা “মিথ্যা ছাড়া অন্য কোনো ভালো জিনিস চিন্তা করতে পারে না” এবং জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে।

তার ভাষায়, “তারা কখনো মানুষের আস্থা-বিশ্বাসের সঙ্গে থাকতে পারেনি। সরকারে যাওয়া তো দূরের কথা, উল্লেখযোগ্য জনসমর্থনও তাদের নেই। ইসলামকে ব্যবহার করে তারা ইসলামের বিরুদ্ধেই ভূমিকা পালন করছে।”

শামসুজ্জামান দুদু দাবি করেন, দেশে নারী নির্যাতন ও মুক্তিযোদ্ধা হত্যার মতো ঘটনাগুলোর সঙ্গে সবচেয়ে বেশি জড়িত ছিল জামায়াতে ইসলামী।

তিনি বলেন, “যখন তারা মুখোশ পরে দেশের ভালো করার কথা বলে নিজেদের উপস্থাপন করে, তখন সবাইকে সতর্ক থাকতে হবে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন