বিশ্বজুড়ে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন আসন্ন আইফোন ১৮ সিরিজ। ধারণা করা হচ্ছে, আগামী সেপ্টেম্বরে বড় আয়োজনের মাধ্যমে নতুন আইফোন লাইনআপ উন্মোচন করবে অ্যাপল।
যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিভিন্ন ফাঁস হওয়া তথ্য ও প্রযুক্তি বিশ্লেষকদের প্রতিবেদনে ইতোমধ্যেই সামনে এসেছে সম্ভাব্য ডিজাইন, ফিচার, পারফরম্যান্স এবং দামের তথ্য।
ডিসপ্লেতে বড় পরিবর্তনের ইঙ্গিত
ফাঁস হওয়া তথ্যমতে, আইফোন ১৮ প্রো এ থাকতে পারে ৬.৩ ইঞ্চির ডিসপ্লে এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স-এ থাকতে পারে ৬.৯ ইঞ্চির বড় ডিসপ্লে।
নতুন এলটিপিও+ ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করা হতে পারে, যা ব্যাটারি দক্ষতা আরও বাড়াবে। এছাড়া ডাইনামিক আইল্যান্ডের আকার প্রায় ৩৫ শতাংশ ছোট হতে পারে বলে গুঞ্জন রয়েছে, যা ডিসপ্লেকে আরও আধুনিক ও মিনিমাল লুক দেবে।
ক্যামেরায় নতুন প্রযুক্তি
ক্যামেরা বিভাগে ট্রিপল ৪৮ মেগাপিক্সেল সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে আলোচিত সংযোজন হতে পারে মেকানিক্যাল ভ্যারিয়েবল অ্যাপারচার লেন্স প্রযুক্তি।
এর মাধ্যমে আলোর পরিমাণ আরও নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা যাবে। ফলে কম আলোতেও উন্নত মানের ছবি এবং আরও প্রাকৃতিক পোর্ট্রেট ইফেক্ট পাওয়া সম্ভব হতে পারে।
নতুন এ২০ প্রো চিপ
পারফরম্যান্সে বড় পরিবর্তন আনতে পারে নতুন এ২০ প্রো চিপসেট। জানা গেছে, এটি তৈরি হতে পারে TSMC–এর ২ ন্যানোমিটার প্রযুক্তিতে।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আগের প্রজন্মের তুলনায় পারফরম্যান্স প্রায় ১৫ শতাংশ দ্রুত এবং পাওয়ার এফিশিয়েন্সি প্রায় ৩০ শতাংশ পর্যন্ত উন্নত হতে পারে।
এছাড়া উন্নত এআই প্রসেসিং এবং অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারের আরও বিস্তৃত সমর্থন থাকতে পারে।
ব্যাটারিতে সবচেয়ে বড় চমক
সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে ব্যাটারি বিভাগে।আইফোন ১৮ প্রো ম্যাক্স-এ ৫১০০ থেকে ৫২০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যদি তথ্য সত্যি হয়, তবে এটি হবে এখন পর্যন্ত আইফোন সিরিজের সবচেয়ে বড় ব্যাটারি। ফলে দীর্ঘ সময় ব্যাকআপ ও সারাদিনের ব্যাটারি লাইফ পাওয়া যেতে পারে।
সম্ভাব্য দাম
প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা অনুযায়ী—
- আইফোন ১৮ প্রো–এর দাম যুক্তরাষ্ট্রে শুরু হতে পারে ১,০৯৯ ডলার থেকে।
- আইফোন ১৮ প্রো ম্যাক্স–এর দাম শুরু হতে পারে ১,১৯৯ ডলার থেকে।
তবে এগুলো এখনো আনুষ্ঠানিক নয়। চূড়ান্ত মূল্য ও ফিচার জানতে অপেক্ষা করতে হবে অ্যাপলের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

