বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। সে হিসেবে দেশে পবিত্র আরাফার রোজা পালিত হবে ২৭ মে, বুধবার।
ইসলামে জিলহজ মাসের ৯ তারিখকে আরাফাতের দিন হিসেবে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এ দিনে হজ পালনকারীরা আরাফাতের ময়দানে অবস্থান করেন এবং বিশ্বের মুসলমানরা নফল রোজা পালন করেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এ দিন মহান আল্লাহ বান্দাদের জন্য রহমত, মাগফিরাত ও ক্ষমার দরজা উন্মুক্ত করে দেন।
হাদিসে বর্ণিত আছে, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ৯ জিলহজ রোজা রাখতেন। আবু দাউদের এক হাদিসে এ তথ্য এসেছে। এছাড়া জিলহজের প্রথম দশ দিনের আমলকে অত্যন্ত ফজিলতপূর্ণ বলা হয়েছে।
পবিত্র কোরআনের সুরা ফজরে মহান আল্লাহ “দশ রাতের” শপথ করেছেন। অধিকাংশ তাফসিরবিদের মতে, এখানে জিলহজের প্রথম দশ রাতের কথাই বোঝানো হয়েছে।
হাদিসে আরও এসেছে, জিলহজের প্রথম দশ দিনের নেক আমল আল্লাহর কাছে বছরের অন্য সময়ের আমলের তুলনায় অধিক প্রিয়। তাই অনেক মুসল্লি ১ জিলহজ থেকে ৯ জিলহজ পর্যন্ত ধারাবাহিক রোজা পালন করে থাকেন।

