ঝিনাইদহের কালীগঞ্জে শিবিরকর্মী শামীম হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু-র মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছেন ঝিনাইদহ-৪ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য আবু তালিব। অনুষ্ঠানে এমপিকে নিজ হাতে খাবার পরিবেশন করতে দেখা যায় আওয়ামী লীগ নেতা মন্টুকে।
বৃহস্পতিবার (২১ মে) কালীগঞ্জ উপজেলার বগেরগাছি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মন্টুর মেয়ে মেহেজাবিন ইসলাম তুলির সঙ্গে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহর বিয়ের আয়োজন ছিল। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।
উপস্থিতদের মধ্যে ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খান, উপজেলা বিএনপির সাবেক নেতারা এবং আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের আরও কয়েকজন স্থানীয় নেতা।
মহিদুল ইসলাম মন্টু শিবিরকর্মী শামীম হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের মার্চে শামীমকে তুলে নেওয়ার পর নিখোঁজ হন তিনি। পরে যশোরের একটি এলাকায় তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২০২৪ সালের সেপ্টেম্বরে নিহতের বাবা রুহুল আমিন আদালতে মামলা দায়ের করেন।
বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজনৈতিক কর্মী বলেন, হত্যা মামলার আসামির পারিবারিক অনুষ্ঠানে একজন জামায়াতপন্থী সংসদ সদস্যের উপস্থিতি প্রশ্নের জন্ম দিয়েছে।
তবে এ বিষয়ে সংসদ সদস্য আবু তালিব বলেন, সামাজিক সম্পর্কের কারণে তিনি অনুষ্ঠানে গিয়েছিলেন। তার দাবি, মামলায় মন্টুর নাম অন্তর্ভুক্ত করার ক্ষেত্রেও তিনি ভূমিকা রেখেছেন এবং ভুক্তভোগী পরিবার যেন ন্যায়বিচার পায়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

