নারায়ণগঞ্জের একটি খামারে লালিত অ্যালবিনো জাতের একটি মহিষ আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে। সোনালি রঙের চুল ও ব্যতিক্রমী চেহারার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল খুঁজে পেয়ে মহিষটির নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রাণীটি।
সম্প্রতি রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে মহিষটির একটি ভিডিও শেয়ার করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। পোস্টে রসিকতাপূর্ণ মন্তব্য করে বলা হয়, ‘বাংলাদেশি মহিষটি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় মন খারাপ করে ফেলেছে।’
ইরানি দূতাবাসের পোস্টে রুশ সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনও যুক্ত করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, ট্রাম্পের সঙ্গে তুলনার পর মহিষটির খাবার গ্রহণের পরিমাণ কমে গেছে। যদিও এ দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক বা আনুষ্ঠানিক তথ্য উপস্থাপন করা হয়নি।
৭০০ কেজি ওজনের এই ধবল মহিষটি বর্তমানে নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে দর্শনার্থীদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ খামারে এসে প্রাণীটিকে দেখছেন এবং ছবি-ভিডিও ধারণ করছেন।
মহিষটির মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, মহিষটির মাথার সোনালি চুল দেখে তার ছোট ভাই মজা করে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামটি দিয়েছিলেন। তিনি বলেন, “নাম নিয়ে যত আলোচনা হোক, মহিষটি অত্যন্ত শান্ত স্বভাবের। অ্যালবিনো জাতের মহিষ সাধারণত আক্রমণাত্মক হয় না।”
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ব্যতিক্রমী এই মহিষটির প্রতি ক্রেতাদের আগ্রহও বেড়েছে বলে জানিয়েছে খামার কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তা ও আন্তর্জাতিক প্রচারণার কারণে প্রাণীটি এখন দেশের গণ্ডি পেরিয়ে বৈশ্বিক কৌতূহলের বিষয় হয়ে উঠেছে।

