চলতি বছরের হজ পালনের জন্য বাংলাদেশ থেকে সৌদি আরবে হজযাত্রী পরিবহনের প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে। এ পর্যন্ত ১৯৯টি ফ্লাইটে মোট ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
শুক্রবার মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেন। হজ অফিসের তথ্য অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭২ হাজার ৯৬৮ জন।
এবার হজযাত্রী পরিবহনে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স অংশ নেয়। বিমান বাংলাদেশের ৯৮টি ফ্লাইটে ৩৮ হাজার ৭০২ জন, সৌদিয়ার ৭৩টি ফ্লাইটে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাসের ২৮টি ফ্লাইটে ১১ হাজার ৩৯০ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর জন্য কোটা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার জন্য ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার জন্য ৭৩ হাজার ৯৩৫ জনের সুযোগ রাখা হয়। হজ কার্যক্রম পরিচালনায় ৬৬০টি এজেন্সি দায়িত্ব পালন করছে।
গত ১৭ এপ্রিল ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করে। এরপর ধারাবাহিকভাবে হজযাত্রীদের সৌদি আরবে পাঠানো হয়।
এদিকে সৌদি আরবের সর্বশেষ হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ২১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৬ জন নারী। মৃতদের মধ্যে ১৪ জন মক্কায় এবং ৭ জন মদিনায় মারা গেছেন।
হজযাত্রীদের স্বাস্থ্যসেবায় নিয়োজিত মেডিকেল টিম ইতোমধ্যে ৪৩ হাজার ৪৪০ জনকে চিকিৎসাসেবা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২০ হাজারের বেশি হজযাত্রী বিভিন্ন ধরনের ডিজিটাল ও তথ্যগত সহায়তা পেয়েছেন।
আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ শেষে ৩০ মে থেকে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

