ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদলের কয়েকজন নেতাসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন।
মামলায় ইসলামী ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাবেক সহসভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন, সাবেক যুগ্ম সম্পাদক হাদুসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা ইট-পাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে হামলার সময় মূল্যবান ক্যামেরা, মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনতাইয়ের অভিযোগও আনা হয়েছে। ছিনতাই হওয়া সামগ্রীর মধ্যে একটি পেশাদার ডিএসএলআর ক্যামেরা ও আনুষঙ্গিক সরঞ্জাম রয়েছে, যার মূল্য প্রায় দুই লাখ টাকার কাছাকাছি বলে উল্লেখ করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানিয়েছেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, মামলার প্রতিবাদে রাতেই ঝিনাইদহ সদর থানার প্রধান ফটকের সামনে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলকভাবে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। তারা মামলাটি প্রত্যাহারের দাবি জানান।
ঘটনাটি নিয়ে এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

