ডেস্ক রিপোর্ট।।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শক্তি এখনও বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং তাদের সঙ্গে একটি গোষ্ঠীর যোগসূত্র রয়েছে বলে মনে হয়। এসব অপতৎপরতার বিরুদ্ধে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর এলাকায় চার কিলোমিটার দীর্ঘ ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে সরকার গঠনের পর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বিভিন্ন সামাজিক কর্মসূচি চালু করা হয়েছে। এর মধ্যে পরিবারভিত্তিক সহায়তার জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড, শিক্ষার্থীদের জন্য স্কুলব্যাগ ও অন্যান্য শিক্ষা উপকরণ এবং মসজিদের ইমামদের জন্য ভাতা কার্যক্রম উল্লেখযোগ্য।
সম্প্রতি আলোচিত রামিসা হত্যা প্রসঙ্গ টেনে তিনি বলেন, অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তবে বিচার প্রক্রিয়া আইনের নির্ধারিত নিয়ম অনুসারেই চলবে। কোনো ধরনের চাপ বা আবেগের বশবর্তী হয়ে আইনগত প্রক্রিয়ার বাইরে যাওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমান অভিযোগ করেন, একটি মহল বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য জনগণের কল্যাণ নয়, বরং উন্নয়ন কার্যক্রম ব্যাহত করা। তিনি বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা ব্যাহত হলে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষই।
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী জানান, সারা দেশে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার প্রসারে সরকার কাজ করছে।
এর আগে দুপুরে প্রবল বৃষ্টির মধ্যেই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী ফলক উন্মোচনের পাশাপাশি তিনি খাল পুনঃখনন কার্যক্রমে প্রতীকীভাবে অংশ নেন। এ সময় উপস্থিত জনতা বিভিন্ন স্লোগানে তাকে স্বাগত জানায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। এছাড়া বক্তব্য দেন আসাদুল হাবিব দুলু এবং এম ইকবাল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন এনামুল হক ভূঁইয়া।

