২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির নতুন অধ্যায় শুরু করেছে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠের প্রস্তুতির পাশাপাশি এবার বিশেষভাবে নকশা করা একটি বিমানও পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন দলটি।
আর্জেন্টিনার রাষ্ট্রীয় বিমান সংস্থা অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাস জাতীয় দলের জন্য বিশেষ ডিজাইনের একটি এয়ারবাস উন্মোচন করেছে। রাজধানী বুয়েনস এইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির চূড়ান্ত প্রস্তুতি চলছে।
বিমানটি আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে নীল-সাদা রঙে সাজানো হয়েছে। এর সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো লেজে থাকা ‘১০’ নম্বর, যা লিওনেল মেসির জার্সি নম্বরের প্রতীক। একই নম্বর একসময় ব্যবহার করেছিলেন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা।
এছাড়া বিমানের ইঞ্জিনে অধিনায়কের আর্মব্যান্ডের ‘সি’ চিহ্ন এবং তিনটি সোনালি তারা সংযুক্ত করা হয়েছে, যা আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপ জয়ের স্মারক হিসেবে রাখা হয়েছে।
বিমান সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় দলের সম্ভাব্য চতুর্থ বিশ্বকাপ জয়ের স্বপ্নকে সামনে রেখেই এই বিশেষ নকশা তৈরি করা হয়েছে। তাদের বিশ্বাস, এটি শুধু একটি পরিবহন মাধ্যম নয়, বরং বিশ্বমঞ্চে আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্য ও জাতীয় আবেগের প্রতীক।
২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ের আগে আর্জেন্টিনা বিশেষ নকশার একটি বিমানে ভ্রমণ করেছিল। সেই স্মৃতি থেকেই অনেক সমর্থক নতুন বিমানটিকে সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখছেন।
বর্তমান কোচ লিওনেল স্কালোনির অধীনে দলটি আগামী বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। সমর্থকদের আশা, বিশেষ এই বিমানকে সঙ্গী করে আবারও বিশ্বজয়ের গল্প লিখবে মেসিরা।
আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপ যাত্রায় এই বিমানই হবে আর্জেন্টাইন দলের অন্যতম আকর্ষণ।

