প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যা মামলার আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি দাবি করেন, দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে আগামী এক মাসের মধ্যেই দোষীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি কার্যকর করার ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশাল-এর নজরুল মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রামিসা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, শিশু ও নারী নির্যাতনের ঘটনায় সরকারের অবস্থান ‘শূন্য সহনশীলতা’। তিনি বলেন, এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।
অনুষ্ঠানে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা ও বিদ্রোহী আদর্শের প্রশংসা করেন। নজরুলের জীবন ও কর্মকে নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করে তিনি ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে গড়ে তোলার সম্ভাবনা যাচাইয়ের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। নজরুলের সাহিত্য ও দর্শন জাতীয় চেতনা, মানবিক মূল্যবোধ এবং সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করে।
তিনি আরও বলেন, প্রায় দুই দশক পর রাষ্ট্রীয়ভাবে জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তী উদযাপন করতে পেরে সরকার গর্বিত। একইসঙ্গে নজরুলের স্মৃতি সংরক্ষণ ও গবেষণামূলক কর্মকাণ্ড আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিতাই রায় চৌধুরী। এছাড়া বক্তব্য দেন খিলখিল কাজী, মো. লতিফুল ইসলাম, সৈয়দ এমরান সালেহসহ অন্যরা।

