বাংলাদেশে ফুটবলপ্রেমীদের মধ্যে আর্জেন্টিনা সবচেয়ে জনপ্রিয় দল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একইসঙ্গে তিনি আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্যও কামনা করেন।
শনিবার (২৩ মে) যশোরের হামিদপুরে আয়োজিত ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, অনুষ্ঠানে উপস্থিত মার্সেলো কার্লোস বক্তব্য দিতে উঠলে দর্শকদের ব্যাপক করতালি প্রমাণ করে যে বাংলাদেশে আর্জেন্টিনা কতটা জনপ্রিয়। তিনি বলেন, “এটাই দেখায় যে আর্জেন্টিনা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। আসন্ন বিশ্বকাপে আমরা তাদের সাফল্য কামনা করি।”
ক্রীড়াঙ্গন নিয়ে নিজের বক্তব্যে স্পিকার বলেন, দেশের খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা প্রয়োজন। তার মতে, দীর্ঘদিন ধরে ক্রীড়া সংগঠনগুলোতে রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাব বেড়েছে, ফলে প্রকৃত ক্রীড়ামোদীদের অংশগ্রহণ কমে যাচ্ছে।
তিনি আরও বলেন, যশোরের সঙ্গে তার ব্যক্তিগত স্মৃতি জড়িয়ে আছে। মুক্তিযুদ্ধ ও চাকরিজীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জেলার ফুটবল উন্নয়নে বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাবিথ আউয়াল। তিনি জানান, দেশের তৃণমূল ফুটবল উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আর্জেন্টিনা থেকে কোচ আনা এবং প্রতিভাবান ফুটবলারদের প্রশিক্ষণের জন্য আর্জেন্টিনায় পাঠানোর বিষয়ও বিবেচনা করা হচ্ছে।
আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোসও একাডেমির কার্যক্রম ও শিশুদের অংশগ্রহণ দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগ থেকে ভবিষ্যতে বাংলাদেশের নতুন ফুটবল তারকা উঠে আসবে।
আয়োজকদের মতে, তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার এবং ভবিষ্যৎ খেলোয়াড় তৈরির লক্ষ্যেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে খুলনা ও রাজশাহী বিভাগের প্রায় ৮০০ ক্ষুদে ফুটবলারের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

