পর্তুগালের রাজধানী লিসবনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার ওপর ডিম নিক্ষেপ ও হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি পার্কে অবস্থানরত এক ব্যক্তির দিকে কয়েকজন যুবক ডিম নিক্ষেপ করছেন। পরে সেখানে ধস্তাধস্তি ও শারীরিক লাঞ্ছনার মতো পরিস্থিতি সৃষ্টি হয়। একপর্যায়ে ওই ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করেন।
হামলার শিকার ব্যক্তি হলেন মো. আকতার হোসেন। তিনি এনসিপির সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আকতার হোসেন দাবি করেন, পর্তুগালে এনসিপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে বৈঠক শেষে বের হওয়ার পর তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত।
প্রবাসী বাংলাদেশিদের কয়েকজনের দাবি, ব্যক্তিগত সফরে পর্তুগালে অবস্থানকালে লিসবনের একটি পার্কে এ ঘটনা ঘটে। তবে হামলার বিষয়ে আকতার হোসেনের সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে এনসিপির সিলেট জেলা শাখা এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়েছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের নেতা আকতার হোসেনের ওপর হামলার ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং ঘটনার বিচার দাবি করছে।
বিবৃতিতে দেশে ও বিদেশে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে রাজনৈতিক মতপার্থক্যের কারণে সহিংসতা ও হামলার সংস্কৃতি পরিহারেরও আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে, ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও হামলার বিষয়ে পর্তুগালের আইনশৃঙ্খলা বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর স্বাধীন যাচাইও এখনও সম্ভব হয়নি।

