ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘তেলাপোকা জনতা পার্টি’ (সিজেপি)-র ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিত দিপকে। শনিবার (২৩ মে) তিনি জানান, ভারত সরকার তার দলের ওয়েবসাইট নিষ্ক্রিয় করেছে।
অভিজিত বর্তমানে বোস্টন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। সেখান থেকেই তিনি ‘তেলাপোকা জনতা পার্টি’ নামে একটি ব্যঙ্গধর্মী রাজনৈতিক উদ্যোগ চালু করেন এবং এর জন্য ওয়েবসাইট ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খোলেন। অল্প সময়ের মধ্যেই এটি বিশেষ করে তরুণদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এই উদ্যোগের পেছনে ছিল ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত-এর একটি বিতর্কিত মন্তব্য। আদালতের এক শুনানিতে তিনি কিছু চাকরিপ্রার্থীর বিষয়ে মন্তব্য করলে তা সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়ে। এরই প্রতিবাদ হিসেবে অভিজিত ‘তেলাপোকা জনতা পার্টি’ নামে প্ল্যাটফর্মটি চালু করেন।
পরে প্রধান বিচারপতি সূর্য কান্ত ব্যাখ্যা দিয়ে বলেন, তার মন্তব্য সাধারণ তরুণদের উদ্দেশ্যে ছিল না; বরং ভুয়া ডিগ্রি ব্যবহারকারীদের প্রসঙ্গেই তা করা হয়েছিল। তিনি আরও বলেন, দেশের তরুণরাই উন্নত ভারতের প্রধান শক্তি।
তেলাপোকা জনতা পার্টির নামটি ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি-র নামের সঙ্গে শব্দের সাদৃশ্য রেখে ব্যঙ্গাত্মকভাবে বেছে নেওয়া হয়েছিল বলে জানা গেছে।
অভিজিত দাবি করেছেন, দলের জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে এবং তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারীর সংখ্যা কয়েক কোটিতে পৌঁছে যায়। তবে তিনি অভিযোগ করেন, দলের ইনস্টাগ্রাম পেজ এবং তার ব্যক্তিগত অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছে।
বর্তমানে সংগঠনটি ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-এর পদত্যাগ দাবি করছে। বিভিন্ন ভর্তি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে তার বিরুদ্ধে সমালোচনা ও বিক্ষোভ চলছে।
তবে ওয়েবসাইট বন্ধের বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

