মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

হজে ইন্দোনেশীয়দের কোরবানির মাংস যাবে ফিলিস্তিনিদের কাছে

ডেস্ক রিপোর্ট।।

চলতি বছরের হজে ইন্দোনেশীয় হাজিদের কোরবানির পশুর মাংস নিপীড়িত ফিলিস্তিনিদের কাছে পাঠানোর উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এ বিষয়ে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার হজ ও ওমরাহবিষয়ক উপমন্ত্রী।

উপমন্ত্রী দাহনীল আনজার সিমানজুনাতাক জানান, হজ মৌসুমে কোরবানি করা পশুর মাংস ফিলিস্তিনে পৌঁছে দেওয়ার জন্য সৌদি সরকারের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে সৌদি আরবের কোরবানি ব্যবস্থাপনা প্রকল্প ‘আদাহি প্রজেক্ট’-এর সহযোগিতাও চাওয়া হয়েছে।

তিনি বলেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর নির্দেশনায় এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে যুদ্ধ ও সংকটে থাকা ফিলিস্তিনিদের খাদ্য সহায়তা দেওয়া যায়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ১ লাখ ২৬ হাজার ৮৩২ জন ইন্দোনেশীয় হজযাত্রী কোরবানির পশুর জন্য নির্ধারিত অর্থ পরিশোধ করেছেন।

ফিলিস্তিনের চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে নেওয়া এই উদ্যোগকে আন্তর্জাতিক সহমর্মিতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন