রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

‘দাই দাই’ গানে ঝড় তুললেন শাকিরা-বার্না বয়

ডেস্ক রিপোর্ট।।

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নতুন চমক নিয়ে হাজির হয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়। ‘দাই দাই’ শিরোনামের গানটি ইতোমধ্যেই বিশ্বকাপ উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছে। ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের উদ্যোগে প্রকাশিত এই ট্র্যাককে ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেম হিসেবে ঘোষণা করা হয়েছে।

মিয়ামিতে নির্মিত গানের বর্ণাঢ্য মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন হান্না লাক্স ডেভিস। ভিডিওজুড়ে দেখা গেছে বিশ্ব ফুটবলের একাধিক তারকাকে। এতে অংশ নিয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড, হ্যারি কেন, ভিনিসিয়াস জুনিয়র, জামাল মুসিয়ালা, ক্রিশ্চিয়ান পুলিসিকসহ আরও অনেক জনপ্রিয় ফুটবলার।

ভিডিওটিতে বিশেষভাবে জায়গা পেয়েছে উগান্ডার সুবিধাবঞ্চিত শিশুদের সংগঠন ‘ঘেটো কিডস’। পাশাপাশি মেক্সিকো সিটির ঐতিহাসিক স্থাপনা ‘আনহেল দে লা ইনদেপেন্দেনসিয়া’র চূড়ায় শাকিরার উপস্থিতি দর্শকদের নজর কাড়ছে।

আগামী ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনালে ইতিহাস গড়তে যাচ্ছে ফিফা। এবারই প্রথম বিশ্বকাপের ফাইনালে আয়োজন করা হবে ‘হাফটাইম শো’। সেখানে ম্যাডোনা ও কোরিয়ান ব্যান্ড বিটিএসের সঙ্গে সহ-প্রধান শিল্পী হিসেবে পারফর্ম করবেন শাকিরা। একই মঞ্চে বার্না বয়ের সঙ্গে ‘দাই দাই’ গানটির লাইভ পরিবেশনাও করবেন তিনি।

মূলত শিক্ষা ও খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত শিশুদের সহায়তার লক্ষ্যেই তৈরি হয়েছে এই অ্যান্থেম। ২০২৬ সালের ফাইনালের আগেই ১০০ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে আয়োজকরা। এই উদ্যোগে গান থেকে পাওয়া নিজের সব রয়্যালটি দান করার ঘোষণা দিয়েছেন শাকিরা।

এদিকে সোনি মিউজিক প্রাথমিকভাবে আড়াই লাখ ডলার অনুদান দেওয়ার কথা জানিয়েছে। এছাড়া শাকিরার আসন্ন ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ ট্যুরের প্রতিটি টিকিট বিক্রির এক ডলারও এই তহবিলে যুক্ত হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন