রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

বজ্রপাতে কোরবানির পশু মারা গেলে কি কোরবানি আদায় হবে?

ডেস্ক রিপোর্ট।।

কোরবানির জন্য কেনা পশু যদি বজ্রপাত, দুর্ঘটনা বা অন্য কোনো কারণে মারা যায়, তাহলে সেই পশুর মাধ্যমে কোরবানি আদায় হবে না। এ অবস্থায় যার ওপর কোরবানি ওয়াজিব, তাকে নতুন আরেকটি পশু কিনে কোরবানি করতে হবে।

তবে যাদের ওপর মূলত কোরবানি ওয়াজিব নয়, তারা নফল হিসেবে পশু কিনে থাকলে এবং সেটি দুর্ঘটনায় মারা গেলে নতুন পশু কিনে কোরবানি করা বাধ্যতামূলক নয়। কারণ শুরু থেকেই তাদের ওপর কোরবানি ফরজ বা ওয়াজিব ছিল না।

ফিকহের নির্ভরযোগ্য গ্রন্থ ‘বাদায়েউস সানায়ে’ ও ‘খোলাসাতুল ফাতাওয়া’-তে এ বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

ইসলামে কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সামর্থ্যবান মুসলমান নারী-পুরুষের ওপর এটি ওয়াজিব। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নামাজের পাশাপাশি কোরবানির নির্দেশ দিয়েছেন।

আল্লাহ তাআলা ইরশাদ করেন—


“নিশ্চয় আমি তোমাকে কাওসার দান করেছি। সুতরাং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো।”
— (সুরা কাওসার: ১-২)

হাদিসেও কোরবানির গুরুত্ব তুলে ধরা হয়েছে। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

“যার কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের কাছে না আসে।”
— (সুনানে ইবনে মাজাহ: ৩১২৩)

শরিয়তের বিধান অনুযায়ী, জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখে নিত্যপ্রয়োজনীয় খরচের বাইরে সাড়ে সাত তোলা সোনা, সাড়ে বায়ান্ন তোলা রূপা বা সমপরিমাণ সম্পদের মালিক হলে তার ওপর কোরবানি ওয়াজিব হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন