মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

চীনের প্রেসিডেন্টকে ড. ইউনূসের চিঠি

ডেস্ক রিপোর্ট।।

চীনের শানসি প্রদেশের লিউশেনইউ কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে ৯০ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ ঘটনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে পাঠানো এক চিঠিতে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি।

রোববার পাঠানো ওই বার্তায় ড. ইউনূস বলেন, শানসি প্রদেশের লিউশেনইউ কয়লাখনিতে সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনা বিশ্ববাসীকে গভীরভাবে শোকাহত করেছে। তিনি নিহত শ্রমিকদের পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, প্রিয়জন হারানোর বেদনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

চিঠিতে তিনি উল্লেখ করেন, দেশের অর্থনীতি ও শিল্পখাতের জন্য গুরুত্বপূর্ণ হলেও ঝুঁকিপূর্ণ এ পেশায় কর্মরত শ্রমিকদের অবদান সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা উচিত। তাদের আত্মত্যাগ ও নিষ্ঠা সমাজের কাছে অনুকরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

এ ছাড়া দুর্ঘটনার পর উদ্ধারকাজে নিয়োজিত উদ্ধারকর্মী, চিকিৎসক ও জরুরি সেবা সংশ্লিষ্টদের সাহসিকতা ও দায়িত্ববোধের প্রশংসা করেন ড. ইউনূস। তিনি বলেন, তাদের নিরলস প্রচেষ্টা মানবতার প্রতি অসাধারণ দায়বদ্ধতার পরিচয় বহন করে।

চিঠির শেষাংশে আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে তিনি আশা প্রকাশ করেন, শোকাহত পরিবারগুলো এই কঠিন সময়ে শক্তি ও সাহস সঞ্চয় করতে সক্ষম হবে। পাশাপাশি দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন