পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি শাটল ট্রেনে ভয়াবহ বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত এবং ৮২ জন আহত হয়েছেন। রোববার সকালে প্রাদেশিক রাজধানী কোয়েটার চামান ফাটক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনকারী ‘জাফর এক্সপ্রেস’ নামের শাটল ট্রেনটি ঈদের ছুটি উপলক্ষে কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে যাত্রা শুরু করেছিল। স্থানীয় সময় সকাল ৮টা ৫ মিনিটের দিকে চামান ফাটকের কাছে পৌঁছালে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। দুটি বগিতে আগুন ধরে উল্টে যায় এবং আশপাশে থাকা কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৫৭ জনকে একটি সামরিক হাসপাতালে এবং ২৫ জনকে কোয়েটার সিভিল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা জোরদার করা হয়। রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে বিশেষ উদ্ধারকারী ট্রাক ও একটি ত্রাণ ট্রেন পাঠিয়েছে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখে উদ্ধার ও তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ৭০ কেজির বেশি বিস্ফোরক ব্যবহার করে আত্মঘাতী গাড়িবোমার মাধ্যমে হামলাটি চালানো হয়ে থাকতে পারে। তবে বিস্ফোরণের ধরন এবং এর সঙ্গে জড়িতদের বিষয়ে এখনো চূড়ান্তভাবে কিছু জানানো হয়নি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি। নিরাপত্তা বাহিনী হামলার নেপথ্যের কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে।

