রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

আরাফার ময়দানে লাখো হাজির ঢল, পবিত্র হজ আজ

ডেস্ক রিপোর্ট।।

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হয়ে উঠেছে সৌদি আরবের পবিত্র আরাফার ময়দান। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় ১৫ লাখের বেশি মুসল্লি মঙ্গলবার সাদা ইহরামে ঐতিহাসিক এই ময়দানে সমবেত হয়েছেন।

হজের প্রধান রোকন হিসেবে পরিচিত আরাফাতে অবস্থানের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর কাছে ক্ষমা, রহমত ও শান্তি কামনা করেন। সকাল থেকেই হাজিদের কাফেলা জাবালে রহমতের দিকে অগ্রসর হতে দেখা যায়। সেখানে লাখো মানুষ একসঙ্গে দোয়া ও ইবাদতে মগ্ন হয়ে পড়েন, সৃষ্টি হয় এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ।

ইসলামি ইতিহাসে জাবালে রহমতের বিশেষ গুরুত্ব রয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ঐতিহাসিক ভাষণ এখানেই প্রদান করেছিলেন। তাই প্রতি বছর আরাফাত দিবসে এই স্থানকে ঘিরে বিশেষ আবেগ ও ধর্মীয় গুরুত্ব দেখা যায় মুসলিম বিশ্বে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হাজিদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এবারও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তা বাহিনী, স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবীরা পুরো আরাফাত এলাকায় দায়িত্ব পালন করছেন।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হাজিদের চিকিৎসাসেবার জন্য হাসপাতাল, ক্লিনিক ও অ্যাম্বুলেন্স সেবা সার্বক্ষণিক চালু রাখা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ মেডিকেল টিমও প্রস্তুত রয়েছে।

অন্যদিকে, সিভিল ডিফেন্স সদস্যরা পাহাড়ি ও দুর্গম এলাকাগুলোতে উদ্ধার সরঞ্জামসহ মোতায়েন রয়েছে। অতিরিক্ত গরম ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে হাজিদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

হজ মৌসুমকে ঘিরে আরাফাত, মিনা ও মুজদালিফাসহ পবিত্র স্থানগুলোতে আলোকসজ্জা ও অবকাঠামোগত উন্নয়ন কাজও সম্পন্ন করেছে সৌদি প্রশাসন। হাজিদের চলাচল সহজ করতে হাজার হাজার লাইটিং ইউনিট ও নির্দেশনামূলক ব্যবস্থা স্থাপন করা হয়েছে।

সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। এরপর ধাপে ধাপে শয়তানকে পাথর নিক্ষেপ ও কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন