মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

হাসপাতালে নেতানিয়াহু, স্বাস্থ্য নিয়ে ফের আলোচনা

ডেস্ক রিপোর্ট।।

দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সোমবার সন্ধ্যায় রাজধানী তেল আবিবের হাদাসাহ আইন কেরেম মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। তার কার্যালয় জানিয়েছে, দাঁতের চিকিৎসার জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয়।

হিব্রু গণমাধ্যমে নেতানিয়াহুর হাসপাতালে যাওয়ার খবর প্রকাশের পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়। তবে ৭৬ বছর বয়সী এই নেতার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে ইসরাইলজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে নেতানিয়াহুর স্বাস্থ্য নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। বিভিন্ন সময় তার শারীরিক অবস্থার তথ্য গোপন রাখার অভিযোগও করেছে সমালোচকরা। এর ফলে সাধারণ মানুষের মধ্যে তার সামগ্রিক সুস্থতা নিয়ে জল্পনা-কল্পনা বাড়ছে।

গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু জানান, তিনি প্রোস্টেটের ক্যানসারজনিত টিউমারের সফল অস্ত্রোপচার করিয়েছেন। তিনি দাবি করেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার সময় বিষয়টি রাজনৈতিক প্রচারণায় ব্যবহার হতে পারে—এমন আশঙ্কা থেকেই তা প্রকাশ করা হয়নি।

তবে কবে তার রোগ শনাক্ত হয়, কখন চিকিৎসা শুরু বা শেষ হয়েছে—এসব বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। পরে তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন ও চিকিৎসাসংক্রান্ত কিছু নথি প্রকাশ করা হলেও সেগুলো নিয়েও প্রশ্ন ওঠে। কারণ, প্রতিবেদনে সীমিত তথ্য ছিল এবং কোনো হাসপাতালের আনুষ্ঠানিক স্বাক্ষর বা লোগো উল্লেখ করা হয়নি।

এর আগে ২০২৩ সালের জুলাইয়ে নেতানিয়াহুর শরীরে পেসমেকার বসানো হয়। এছাড়া ২০২৪ সালের মার্চে তার হার্নিয়ার অস্ত্রোপচার এবং একই বছরের ডিসেম্বরে প্রোস্টেট অপসারণের অস্ত্রোপচার করা হয়।

পেসমেকার বসানোর সময় প্রথমে জানানো হয়েছিল, তিনি কেবল পানিশূন্যতা পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। পরে হাসপাতাল সূত্রে জানা যায়, তার শরীরে সাবকিউটেনিয়াস হার্ট মনিটরও স্থাপন করা হয়েছিল। এ ঘটনায় তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বিতর্ক আরও বাড়ে।

এক সপ্তাহ পর চিকিৎসকরা স্বীকার করেন, হাসপাতালে ভর্তি থাকার সময় করা ইসিজি পরীক্ষায় কিছু অস্বাভাবিকতা ধরা পড়েছিল। যদিও তারা দাবি করেন, প্রধানমন্ত্রীর হৃদযন্ত্র তখনও ‘সম্পূর্ণ স্বাভাবিক’ ছিল।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন