মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

যুদ্ধবিরতির মাঝেই ইরানে নতুন মার্কিন হামলা

ডেস্ক রিপোর্ট।।

চলমান যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং পারস্য উপসাগরে মাইন পেতে থাকা স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই ‘আত্মরক্ষামূলক’ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার প্রকাশিত আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কাতারের দোহায় চলমান কূটনৈতিক আলোচনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটেছে। ফলে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আবারও নতুন মাত্রা পেল।

সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, হামলাটি দক্ষিণ ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসের নিকটবর্তী এলাকায় চালানো হয়। হরমুজ প্রণালীর প্রবেশমুখে অবস্থিত হওয়ায় অঞ্চলটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বন্দর আব্বাস এলাকায় বিস্ফোরণের খবর প্রকাশ করে। স্থানীয় প্রশাসন ঘটনাটি তদন্ত করছে বলে জানানো হয়। তবে এখন পর্যন্ত এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, যুদ্ধবিরতির সময় সর্বোচ্চ সংযম বজায় রাখলেও নিজেদের সেনা ও নৌবাহিনীর নিরাপত্তা নিশ্চিত করতে তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

বিশ্লেষকদের মতে, নতুন এই হামলা চলমান শান্তি আলোচনাকে জটিল করে তুলতে পারে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষের মধ্যে সমঝোতার সম্ভাবনার কথা বললেও পরবর্তীতে আলোচনায় তাড়াহুড়া না করার নির্দেশ দেন।

অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দ্রুত চুক্তির আশাবাদ ব্যক্ত করলেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেন, কিছু অগ্রগতি হলেও এখনই চূড়ান্ত সমঝোতা আসন্ন—এমন দাবি করার সুযোগ নেই।

বর্তমানে আলোচনায় রয়েছে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানো, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ সমঝোতার বিষয়গুলো। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার, অবরুদ্ধ তহবিল মুক্ত করা এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করার মতো ইস্যুগুলো এখনও বড় বাধা হয়ে রয়েছে।

মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি হামলায় আহত ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই বর্তমানে গোপন স্থানে অবস্থান করায় তার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগও কঠিন হয়ে পড়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ইরান ও ইসরায়েলে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়। এপ্রিল থেকে কার্যকর থাকা সাময়িক যুদ্ধবিরতি নতুন এই হামলার পর অনিশ্চয়তার মুখে পড়েছে।

সূত্র: বিবিসি
সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন