পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী এবং বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৭ মে) এক ভিডিও বার্তায় তিনি কোরবানির প্রকৃত শিক্ষা হিসেবে আত্মত্যাগ, তাকওয়া ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী বলেন, পবিত্র ঈদুল আজহা মানুষের ভেতরের হিংসা, বিদ্বেষ ও লোভ-লালসাকে পরাভূত করার শিক্ষা দেয়। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মসমর্পণ ও আত্মশুদ্ধির প্রতীক বলেও উল্লেখ করেন তিনি।
যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে, তাদের প্রতি অসহায় ও দরিদ্র মানুষের সঙ্গে কোরবানির মাংস ভাগাভাগি করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সমাজে সহমর্মিতা ও সম্প্রীতি গড়ে তুলতে কোরবানির এই শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ঈদকে ঘিরে পরিচ্ছন্নতা বজায় রাখার ওপরও জোর দেন সরকারপ্রধান। তিনি কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ এবং পশুর বর্জ্য দ্রুত অপসারণে সংশ্লিষ্ট কর্মীদের সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি নাগরিকদের নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার অনুরোধ করেন।
ভিডিও বার্তার শেষে প্রধানমন্ত্রী দেশ, মুসলিম উম্মাহ এবং সমগ্র বিশ্বের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা কামনা করেন। একই সঙ্গে বিশ্বব্যাপী সম্প্রীতি প্রতিষ্ঠায় সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান তিনি।

