পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে আঞ্চলিক শান্তি, চলমান সংকট এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ সময় তিনি যেকোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ জানান, অঞ্চলজুড়ে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের রাষ্ট্রপতি।
তিনি আরও জানান, চলমান শান্তি উদ্যোগে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের পাশাপাশি সৌদি আরব, কাতার ও তুরস্কের ভূমিকাও প্রশংসা করেছেন পেজেশকিয়ান।
শাহবাজ শরিফ বলেন, বর্তমান সংকটে প্রাণহানির ঘটনায় পাকিস্তান ইরানের জনগণের প্রতি গভীর সংহতি প্রকাশ করছে। পাকিস্তান একজন ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হিসেবে সবসময় ইরানের পাশে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, চলমান আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টা দ্রুত একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছাবে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ পুরো অঞ্চলে স্থিতিশীলতা, সমৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: আল জাজিরা

