রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় কোরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৯ মে) তিনি নিজেই গাড়ি চালিয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে পরিস্থিতি পর্যালোচনা করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে জানান, কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তা দেখতে প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন এলাকায় যান।
তিনি জানান, প্রধানমন্ত্রীর গাড়িবহর গুলশান এভিনিউয়ের বাসা থেকে বের হয়ে গুলশান-১, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ ও বাসাবোসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে।
পরে কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, দয়াগঞ্জ, নারিন্দা, বংশাল, গুলিস্তান ও শাহবাগ এলাকা ঘুরে তিনি নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এছাড়া এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নিউ মার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, কলাবাগান, ধানমন্ডি, পান্থপথ, ফার্মগেট, বিজয় সরণি ও মহাখালী এলাকার সড়ক পরিস্থিতিও তিনি দেখেন।
উপ-প্রেস সচিব আরও বলেন, পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী ট্রাফিক সিগন্যাল মেনে চলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে গাড়ি থামিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

