বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

আদ্-দ্বীন মেডিকেলের ছাদে বেকারি দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্তের অংশ হিসেবে শনিবার বিকেলে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এ সময় আদ্-দ্বীন মেডিকেল কলেজ ভবনের ছাদে পরিচালিত একটি বেকারি কারখানা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

বিকেল পাঁচটার দিকে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল ও সংশ্লিষ্ট স্থাপনাগুলো ঘুরে দেখেন। পরিদর্শনের সময় মেডিকেল কলেজ ভবনের সন্নিকটে থাকা বেকারি কারখানাটিও পরিদর্শন করেন তিনি। যদিও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বেকারিটি হাসপাতালের অভ্যন্তরে নয়; এটি মেডিকেল কলেজ ভবনের পাশে অবস্থিত এবং রোগীদের জন্য খাবার প্রস্তুত ও সরবরাহের কাজে ব্যবহৃত হতো। তবে হাসপাতাল-সংলগ্ন স্থানে এ ধরনের কারখানা পরিচালনা নিয়ে নতুন করে প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এদিকে নবজাতকদের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে আগামী ৩ জুনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে কোনো অনিয়ম, অবহেলা বা গাফিলতির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

ঘটনার পর হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুকে ঘিরে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। বিষয়টির কারণ অনুসন্ধানে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ প্রসঙ্গে অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, আদ্-দ্বীন মেডিকেল কলেজের মতো একটি প্রতিষ্ঠানের ভবনের ওপর কীভাবে বেকারি পরিচালিত হচ্ছে, তা খতিয়ে দেখা হবে। তিনি জানান, বেকারিটি বৈদ্যুতিক ওভেনের মাধ্যমে পরিচালিত হলেও এর অনুমোদনের বৈধতা এবং সংশ্লিষ্ট নিয়মকানুন অনুসরণ করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে।

তিনি আরও বলেন, মেডিকেল কলেজের ভবনের ওপর এ ধরনের শিল্পকারখানা পরিচালনার অনুমোদন থাকার কথা নয়। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন