মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান

ডেস্ক রিপোর্ট।।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি ঐতিহাসিক শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলছে। প্রস্তাবিত চুক্তির অংশ হিসেবে ইরানের অর্থনীতি ও অবকাঠামো পুনর্গঠনে প্রায় ৩০০ বিলিয়ন ডলারের একটি আন্তর্জাতিক তহবিল গঠনের বিষয়টি আলোচনায় রয়েছে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের সংঘাত ও নিষেধাজ্ঞার প্রভাবে ক্ষতিগ্রস্ত ইরানের অর্থনীতি, শিল্পখাত, পরিবহন ব্যবস্থা এবং বিদ্যুৎ অবকাঠামো পুনর্গঠনে এ অর্থ ব্যয় করা হতে পারে।

দ্য টাইমস অব ইসরাইল জানিয়েছে, সম্ভাব্য তহবিলটি বিভিন্ন দেশের আর্থিক সহায়তায় গঠিত হবে এবং যুক্তরাষ্ট্র এতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে। খসড়া সমঝোতা স্মারকে উভয় পক্ষ সম্মত হলে প্রাথমিক ৬০ দিনের আলোচনায় তহবিলের কাঠামো ও অর্থায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, খসড়ায় শুধু যুদ্ধাবসান নয়, বরং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অনাক্রমণ চুক্তির বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। এর আওতায় উভয় দেশ একে অপরের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার অঙ্গীকার করতে পারে।

পরমাণু ইস্যুতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার শর্তে সম্মত হওয়ার পাশাপাশি আলোচনার সময় কিছু পরমাণু কার্যক্রম স্থগিত রাখতে পারে। এর বিপরীতে ওয়াশিংটন নতুন নিষেধাজ্ঞা আরোপ না করার প্রতিশ্রুতি দিতে পারে।

খসড়ায় ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানি অব্যাহত রাখা এবং সীমিত পরিসরে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুযোগ দেওয়ার কথাও উল্লেখ রয়েছে। পাশাপাশি মার্কিন জ্বালানি কোম্পানিগুলোর জন্য ইরানে যৌথ বিনিয়োগের সুযোগ তৈরির প্রস্তাবও আলোচনায় রয়েছে।

এ ছাড়া বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের প্রায় ২৪ বিলিয়ন ডলারের হিমায়িত সম্পদ অবমুক্ত করার বিষয়টিও আলোচনার অংশ। যদিও তেহরান ফলপ্রসূ আলোচনা শুরুর আগেই অর্থ ছাড়ের দাবি জানিয়েছে।

তবে এই কূটনৈতিক উদ্যোগের মধ্যেও মধ্যপ্রাচ্যের উত্তেজনা পুরোপুরি কমেনি। বিশেষ করে ইসরাইল ও ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত পরিস্থিতিকে জটিল করে তুলছে।

আলোচনার পরবর্তী ধাপে ইরানের উচ্চ ও নিম্ন-সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে সামনে আসবে। এ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এখনও মতপার্থক্য রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন