মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

হার্ভার্ডের সমাবর্তনে কোরআন তিলাওয়াত, বিশ্বজুড়ে প্রশংসা

ডেস্ক রিপোর্ট।।

বিশ্বের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করে আলোচনায় এসেছেন মুসলিম শিক্ষার্থী সুহেইলা মুখতার। তার সুমধুর তিলাওয়াত অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের মুগ্ধ করেছে।

গত ২৬ মে অনুষ্ঠিত সমাবর্তনের উদ্বোধনী আয়োজনে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে নির্বাচিত অংশ পাঠ করা হয়। এরই অংশ হিসেবে সুহেইলা মুখতার মঞ্চে উঠে পবিত্র কোরআনের সূরা আল-আলাকের প্রথম কয়েকটি আয়াত তিলাওয়াত করেন। তার তিলাওয়াতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে প্রশংসা কুড়াচ্ছে।

২০২২-২০২৬ শিক্ষাবর্ষে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন সুহেইলা। শিক্ষাজীবনে তিনি শুধু একাডেমিক উৎকর্ষই নয়, গবেষণা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডেও বিশেষ কৃতিত্ব দেখিয়েছেন।

মেধা ও গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে তিনি ‘জন হার্ভার্ড স্কলার’ এবং ‘প্রাইজ ফেলো’ সম্মাননা লাভ করেন। চিকিৎসাবিজ্ঞান ও সমাজ উন্নয়ন বিষয়ক তার একাধিক গবেষণাপত্র আন্তর্জাতিক সার্জিক্যাল জার্নালে প্রকাশিত হয়েছে।

তার গবেষণার বিষয়গুলোর মধ্যে ছিল সার্জিক্যাল জার্নালে স্বার্থের সংঘাত, গ্রামীণ জনগোষ্ঠীর ডিজিটাল অন্তর্ভুক্তি এবং নারীর ক্ষমতায়ন। পাশাপাশি মেশিন লার্নিং, ডিপ লার্নিং ও অনলাইন শিক্ষার আচরণগত দিক নিয়েও তিনি আগ্রহ নিয়ে কাজ করছেন।

বিশ্ববিদ্যালয় জীবনে তিনি হার্ভার্ড মুসলিম উইমেনস মেডিক্যাল অ্যালায়েন্স, হার্ভার্ড আন্ডারগ্র্যাজুয়েট হেলথ পলিসি রিভিউ এবং স্ট্রাইভ বোস্টনের মতো বিভিন্ন সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এছাড়া ২০২৪ সাল থেকে মাউন্ট অবার্ন হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে মানবসেবায় অবদান রেখে চলেছেন।

হার্ভার্ডের মতো আন্তর্জাতিক অঙ্গনে কোরআনের বাণী পাঠ এবং একাডেমিক সাফল্যের সমন্বয়ে সুহেইলা মুখতার এখন বিশ্বজুড়ে অনেক তরুণ-তরুণীর জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন