বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যুক্তরাষ্ট্রের কানসাসে পৌঁছেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলটির অনুশীলন ক্যাম্পের নানা তথ্যের মধ্যে এবার আলোচনায় উঠে এসেছে অধিনায়ক লিওনেল মেসির আবাসনের বিষয়টি।
জানা গেছে, ক্যাম্পে ২০২ নম্বর রুমে অবস্থান করছেন মেসি। বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। অনেকেই কাতার বিশ্বকাপের স্মৃতি টেনে এনে রুম নম্বরের সঙ্গে শিরোপা জয়ের প্রতীকী সম্পর্ক খুঁজছেন।
কাতার বিশ্বকাপের সময় মেসি ছিলেন ২০১ নম্বর কক্ষে। সে সময় মজার ছলে অনেকে ২+১=৩ সমীকরণের সঙ্গে আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের মিল খুঁজেছিলেন। এবার ২০২ নম্বর রুমকে ঘিরে ২+০+২=৪ হিসাব কষে কেউ কেউ চতুর্থ শিরোপার স্বপ্ন দেখছেন।
তবে বাস্তবে রুম নম্বরের সঙ্গে মাঠের সাফল্যের কোনো সম্পর্ক না থাকলেও সমর্থকদের আবেগ ও বিশ্বাসে বিষয়টি নতুন মাত্রা যোগ করেছে। বিশ্বকাপের আগে এমন ছোট ছোট ঘটনাও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করছে।
মেসির একা রুমে থাকার বিষয়টিও নতুন নয়। দীর্ঘদিন জাতীয় দলে তার রুমমেট ছিলেন সাবেক তারকা ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। আগুয়েরোর অবসরের পর থেকে মেসি সাধারণত ক্যাম্পে একাই থাকেন।
এদিকে দলের অন্য সদস্যরা জোড়ায় জোড়ায় কক্ষ ভাগাভাগি করে থাকছেন। মিডফিল্ডার রদ্রিগো ডি পল ও অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি এবারও একই রুমে অবস্থান করছেন।
বিশ্বকাপ শুরুর আগে কানসাসে চলছে আর্জেন্টিনার শেষ মুহূর্তের প্রস্তুতি। আর মাঠের লড়াই শুরুর আগেই মেসির রুম নম্বর ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা ও আশাবাদ।

