ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের অপসারণ দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর সদস্যরা।
মঙ্গলবার (২ জুন) দুপুরে নগরের আগ্রাবাদে ইসলামী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, ব্যাংকের বর্তমান পরিস্থিতি এবং গ্রাহকদের স্বার্থ বিবেচনায় পরিচালনা ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনা জরুরি। তারা ব্যাংকে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
বিক্ষোভকারীরা বলেন, আমানতকারী ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ প্রয়োজন। তাদের মতে, ব্যাংকের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা উচিত।
এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং চেয়ারম্যান খুরশীদ আলমকে অপসারণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
আন্দোলনকারীরা আরও বলেন, ইসলামী ব্যাংকের প্রতি সাধারণ গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর সংস্কার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
তবে এ বিষয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

