বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা পুনর্বহাল করেছে সরকার। তবে খাবার হোটেল, রেস্তোরাঁ, হাসপাতাল ও ওষুধের দোকান এই নির্দেশনার আওতার বাইরে থাকবে।
মঙ্গলবার (২ জুন) বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে যে বিশেষ সময়সীমা বাড়ানো হয়েছিল, তার মেয়াদ শেষ হওয়ায় আগের নির্দেশনা আবার কার্যকর করা হয়েছে।
এর আগে বিদ্যুৎ বিভাগ দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠায়। নির্দেশনায় বলা হয়, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে হবে।
একইসঙ্গে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জা, বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্যমেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে জনসাধারণের প্রয়োজনীয় সেবা বিবেচনায় খাবার হোটেল, রেস্তোরাঁ, হাসপাতাল ও ফার্মেসিগুলোকে এই বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে। ফলে এসব প্রতিষ্ঠান আগের মতোই তাদের স্বাভাবিক সময়সূচি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে পারবে।
সরকারের আশা, এই উদ্যোগের মাধ্যমে জাতীয় পর্যায়ে বিদ্যুতের চাহিদা কমবে এবং বিদ্যুৎ ব্যবস্থাপনায় সাশ্রয় নিশ্চিত করা সম্ভব হবে।

