মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ভিসা নীতিতে হঠাৎ কড়াকড়ি কেন? নিরাপত্তা ও নজরদারির ব্যাখ্যা দিল ভারত

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকদের জন্য ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে ভারত। দীর্ঘমেয়াদি অবস্থান, বিশেষ করে চিকিৎসা ও দর্শনার্থী ভিসাধারীদের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রশ্ন উঠেছে—হঠাৎ কেন এই কড়াকড়ি?

বিশ্লেষকদের মতে, বিদেশি নাগরিকদের অবস্থান আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং ভিসার অপব্যবহার ঠেকাতেই এ পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। সম্প্রতি সংশোধিত ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫’-এ দীর্ঘমেয়াদি অবস্থানের ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

কেন পরিবর্তন?

ভারতীয় কর্তৃপক্ষের মতে, অনেক বিদেশি নাগরিক ট্যুরিস্ট বা মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করে নির্ধারিত সময়সীমার বাইরে অবস্থান করেন। এতে ইমিগ্রেশন ব্যবস্থাপনা ও নিরাপত্তা পর্যবেক্ষণে জটিলতা তৈরি হয়। নতুন নিয়মের মাধ্যমে এসব ক্ষেত্রে আরও কার্যকর নজরদারি নিশ্চিত করতে চায় সরকার।

কী বদলেছে?

আগে কোনো বিদেশি নাগরিক ভারতে একটানা ১৮০ দিন অবস্থানের পর নিবন্ধনের জন্য অতিরিক্ত ১৪ দিনের সময় পেতেন। নতুন বিধানে সেই গ্রেস পিরিয়ড বাতিল করা হয়েছে।

এখন ১৮০ দিনের বেশি অবস্থান করতে চাইলে মেয়াদ শেষ হওয়ার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিশেষ বা জরুরি কারণ ছাড়া নির্ধারিত সময়ের অতিরিক্ত অবস্থানের সুযোগও সীমিত করা হয়েছে।

ডিজিটাল সেবায় নতুন সুবিধা

নিয়ম কঠোর করার পাশাপাশি আবেদন ও আপিল প্রক্রিয়াকে আরও আধুনিক ও স্বচ্ছ করতে ডিজিটাল ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়েছে ভারত।

নতুন ব্যবস্থায় ভিসা বা অবস্থানসংক্রান্ত জটিলতায় পড়লে বিদেশি নাগরিকরা অনলাইনে সরাসরি আপিল করতে পারবেন। একই সঙ্গে আপিল নিষ্পত্তির জন্য সর্বোচ্চ ৬০ দিনের সময়সীমাও নির্ধারণ করা হয়েছে, যা আগে অনেক ক্ষেত্রেই দীর্ঘ সময় ধরে ঝুলে থাকত।

শিশুদের নাগরিকত্বে স্বস্তি

নতুন নিয়মে বিদেশি দম্পতির ঘরে ভারতে জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রে কিছু বিধান সহজ করা হয়েছে। যদি বাবা-মায়ের একজন ভারতীয় নাগরিক হন এবং শিশুটি ভারতীয় নাগরিকত্ব বহাল রাখে, তাহলে আলাদা করে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে জন্ম নিবন্ধনের প্রয়োজন হবে না।

বিশ্লেষকদের মতে, নতুন বিধান একদিকে যেমন অবৈধ অবস্থান রোধ ও সীমান্ত নিরাপত্তা জোরদারের কৌশল, অন্যদিকে ডিজিটাল সেবার মাধ্যমে বৈধ বিদেশি নাগরিকদের জন্য প্রশাসনিক প্রক্রিয়াও সহজ করার প্রচেষ্টা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন