রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

হাইকোর্টে টিকল না বিসিবি নির্বাচন স্থগিতের আবেদন, ৭ জুন ভোট আয়োজনের পথ পরিষ্কার

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন নিয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আগামী ৭ জুন নির্ধারিত নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো আইনি জটিলতা থাকছে না।

বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী এবং অ্যাডভোকেট শফিকুল ইসলাম। রাষ্ট্রের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

জানা গেছে, বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে ছয়জন কাউন্সিলর মঙ্গলবার হাইকোর্টে রিট দায়ের করেছিলেন। তবে শুনানি শেষে আদালত আবেদনটি খারিজ করে দেন।

এর আগে ১৬ মে বিসিবির প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এর তফসিল প্রকাশ করে। তফসিল অনুযায়ী, ৭ জুন ভোটগ্রহণ শেষে একই দিনে ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচনী সূচি অনুসারে ১৭ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এবারের নির্বাচনে সরাসরি ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত আরও দুইজন পরিচালক পর্ষদে যুক্ত হবেন।

নির্বাচিত ও মনোনীত মোট ২৫ জন পরিচালকের ভোটে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত করা হবে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিমের নেতৃত্বে গঠিত নির্বাচন কমিশন পুরো নির্বাচন কার্যক্রম পরিচালনা করছে। কমিশনের অন্য সদস্যরা হলেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ও সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন