রাজধানীর মিরপুরে বৃদ্ধা নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে, সরকারের একজন যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার (৩ জুন) জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী সাংবাদিকদের জানান, পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য নেওয়াসহ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।
বর্তমানে এ কে এম আনিসুর রহমান মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে গত ৩১ মে রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জরুরি সেবা ৯৯৯–এ খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মরদেহটি দীর্ঘ সময় পড়ে থাকায় পচন ধরেছিল। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। এলাকাবাসীর দাবি, বাসাটির পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর ও অগোছালো।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির জানান, নুরজাহান বেগম তার মেয়ের সঙ্গে ওই বাসায় বসবাস করতেন। তিনি বলেন, ঘটনাস্থলের পরিবেশ দেখে মনে হয়েছে বাসাটির যথাযথ পরিচর্যা করা হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, নুরজাহান বেগমের এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং তার মেয়ে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে বৃদ্ধার প্রতি পারিবারিক দায়িত্ব ও যত্নের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এ পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে।
তবে এ বিষয়ে যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

