বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

গ্রাহক পর্যায়ে ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম

ডেস্ক রিপোর্ট।।

দেশে বিদ্যুতের পাইকারি ও গ্রাহক পর্যায়ের নতুন মূল্যহার ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম প্রায় ২০ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে প্রায় ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বুধবার (৩ জুন) রাজধানীর রমনায় বিইআরসির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশন এ ঘোষণা দেয়। নতুন মূল্যহার ১ জুন থেকে কার্যকর হিসেবে গণ্য হবে বলে জানানো হয়েছে।

বিইআরসির তথ্য অনুযায়ী, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে বিভিন্ন শ্রেণির গ্রাহকের জন্য গড় মূল্যবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ৬৮ শতাংশ।

নতুন ট্যারিফ অনুযায়ী, আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে সব স্তরেই ইউনিটপ্রতি বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। ‘লাইফ লাইন’ গ্রাহক, অর্থাৎ মাসে ৫০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য ইউনিটপ্রতি মূল্য ৪ টাকা ৬৩ পয়সা থেকে বেড়ে ৫ টাকা ৩২ পয়সা হয়েছে।

এছাড়া ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ টাকা ১৮ পয়সা। ৭৬ থেকে ২০০ ইউনিট ব্যবহারকারীদের জন্য ইউনিটপ্রতি মূল্য ৮ টাকা ৫০ পয়সা এবং ২০১ থেকে ৩০০ ইউনিট ব্যবহারকারীদের জন্য ৯ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

উচ্চ ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রেও উল্লেখযোগ্য হারে দাম বৃদ্ধি করা হয়েছে। ৩০১ থেকে ৪০০ ইউনিট ব্যবহারে ইউনিটপ্রতি ৯ টাকা ৬২ পয়সা, ৪০১ থেকে ৬০০ ইউনিট ব্যবহারে ১৫ টাকা ১ পয়সা এবং ৬০০ ইউনিটের বেশি ব্যবহারে ইউনিটপ্রতি ১৭ টাকা ৩৫ পয়সা গুনতে হবে।

আবাসিক খাতের পাশাপাশি কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও বাণিজ্যিক খাতেও নতুন মূল্যহার কার্যকর করা হয়েছে। কৃষি সেচের জন্য বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ৬ টাকা ৪ পয়সা এবং শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় ও দাতব্য প্রতিষ্ঠানের জন্য ৯ টাকা ৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এদিকে ক্ষুদ্রশিল্প, নির্মাণ খাত, বৈদ্যুতিক যানবাহনের চার্জিং স্টেশন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিদ্যুতের মূল্যও বাড়ানো হয়েছে। বিশেষ করে নির্মাণ খাতে ইউনিটপ্রতি মূল্য ১৮ টাকা ৯ পয়সা এবং বাণিজ্যিক ও অফিস ব্যবহারের ক্ষেত্রে ১৫ টাকা ৩৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসির এই সিদ্ধান্তের ফলে আবাসিক গ্রাহক থেকে শুরু করে কৃষি, শিল্প ও বাণিজ্যিক খাত—সব ক্ষেত্রেই বিদ্যুৎ ব্যবহারের ব্যয় বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন