মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

দায়িত্বে অবহেলায় রোগীর মৃত্যু, অ্যাম্বুলেন্স চালক আটক

ডেস্ক রিপোর্ট।।

ঝিনাইদহের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক রোগীর মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সরকারি অ্যাম্বুলেন্স চালক বকুল হোসেনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) তাকে আটক করা হয় বলে জানিয়েছে শৈলকূপা থানা পুলিশ।

হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার বারইপাড়া গ্রামের বাসিন্দা আবু জাফর কুসুম অসুস্থ অবস্থায় শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করেন।

রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালে থাকা সরকারি অ্যাম্বুলেন্সের চালক জ্বালানি সংকটের কথা বলে রোগী পরিবহনে অস্বীকৃতি জানান। পরে স্বজনরা জ্বালানির ব্যবস্থা করার আশ্বাস দিলেও তিনি রোগী নিতে রাজি হননি। ফলে দীর্ঘ সময় অপেক্ষার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু জাফর কুসুমের মৃত্যু হয়।

ঘটনার পর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আল-মামুন বাদী হয়ে শৈলকূপা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, রোগী সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে এসেছিলেন এবং দ্রুত উন্নত চিকিৎসাকেন্দ্রে স্থানান্তরের প্রয়োজন ছিল। তবে একাধিকবার অনুরোধ করার পরও অ্যাম্বুলেন্স চালক রোগী পরিবহনে সম্মতি দেননি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে অ্যাম্বুলেন্স চালককে আটক করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন