পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক। বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২৬’ তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।
প্রতিবছর এশিয়ার বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ৩০ বছরের কম বয়সী তরুণদের নিয়ে এই মর্যাদাপূর্ণ তালিকা প্রকাশ করে ফোর্বস। চলতি বছরের তালিকায় বিনোদন ও ক্রীড়া বিভাগে স্থান পেয়েছেন ২৮ বছর বয়সী এই অভিনেত্রী।
২০১৬ সালে ‘জানান’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জগতে অভিষেক হয় হানিয়ার। এরপর ধারাবাহিকভাবে নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে তিনি পাকিস্তানের অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হন। ‘ফির ওহি মোহাব্বতে’ নাটকে অভিনয়ের জন্য তিনি হাম অ্যাওয়ার্ডসে সেরা টেলিভিশন সেনসেশন (নারী) বিভাগে পুরস্কারও অর্জন করেন।
ফোর্বসের তথ্যমতে, সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি অনুসারী থাকা পাকিস্তানি নারী তারকাদের একজন হানিয়া আমির। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ২ কোটিরও বেশি। অভিনয়, বিনোদন এবং ডিজিটাল প্ল্যাটফর্মে প্রভাবশালী উপস্থিতির স্বীকৃতি হিসেবেই তাকে তালিকাভুক্ত করা হয়েছে।
এই অর্জনের খবর প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
উল্লেখ্য, গত বছরের শেষ দিকে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেনের জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পান হানিয়া আমির। ফোর্বসের মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে তার অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন বিনোদন বিশ্লেষকরা।
বর্তমানে একটি আন্তর্জাতিক মানের ঐতিহাসিক পাকিস্তানি অরিজিনাল সিরিজের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন হানিয়া। সিরিজটি বিশ্বের অন্যতম শীর্ষ স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

